৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল। রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ উদ্ধার ও মেরামত কাজ শেষে বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের অদূরে পৌঁছালে এর পেছনের তিনটি ট্যাংকার বগির মোট ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি খুলনা থেকে আসা কারিগরি দল লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চালায়। সকাল থেকে টানা প্রায় ৯ ঘণ্টা কাজ শেষে বেলা ৩টার দিকে রেলপথ সচল করা সম্ভব হয়।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে একই এলাকার রেলপথে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *