৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পিকআপ কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোহান হোসেন (৩৪)। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানাধীন কসাইটুলি এলাকার মৃত মোঃ আবুল হোসেনের ছেলে।

র‍্যাব-১০ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাম বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় একটি সন্দেহভাজন পিকআপ কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবারের আড়াল থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ এবং সোহানের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১২,৯৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সোহান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও পরিবারকে মাদকের ধ্বংসাত্মক ছোবল থেকে রক্ষা করতে “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *