মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন কমিটির সদস্য ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান।
সভার এক পর্যায়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিবের ব্যক্তিগত ও প্রশাসনিক সহযোগিতায় প্রাপ্ত একটি আধুনিক ‘হরমোন অ্যানালাইসিস মেশিন’ আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আলোচনা পর্বে কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন হাসপাতালের বর্তমান স্বাস্থ্যসেবার চিত্র ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হাসপাতালের পুরোনো ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এছাড়া চিকিৎসকদের বসার পর্যাপ্ত কক্ষের অভাব রয়েছে। সেই সঙ্গে অ্যাম্বুলেন্স চালক, চিকিৎসক, নার্স ও অফিস সহায়কসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে জনবল সংকট দেখা দিয়েছে। অন্য স্থানে প্রেষণে (ডেপুটেশনে) কর্মরত চিকিৎসক ও নার্সদের দ্রুত নিজ পদে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, বর্তমান সরকার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই প্রকল্পটি প্রথম পর্যায়ের বাস্তবায়ন তালিকায় রয়েছে। প্রেষণে থাকা চিকিৎসকদের ফিরিয়ে আনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সমস্যাসহ যাবতীয় সংকটের টেকসই সমাধানের আশ্বাস দেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, স্থানীয় সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু ও নয়ন খন্দকার। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

