স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদরাসায় ঢুকে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ানো এবং এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনার জের ধরে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনার পর নিজ মেয়েকে মানসিক রোগী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার ও ক্ষমা চেয়েছেন ওই সংসদ সদস্য।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় সংসদ সদস্যের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি গোলাম রসুল ও তাঁর পরিবার মূল ফটক বন্ধ করে ভেতরে নিজেদের অবরুদ্ধ করে ফেলেন।
পরবর্তীতে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জামায়াত নেতা গোলাম রসুল বলেন, তাঁর মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। ইতোপূর্বে ভারতের হায়দরাবাদসহ দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়েছে। উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মিলেমিশে বাস করতে চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য ও তাঁর পরিবারকে নিরাপত্তা প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য কী বক্তব্য দিয়েছেন, সেটিকে তাঁর ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থিত ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও স্থানীয় একটি মসজিদের যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সংসদ সদস্যের পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধ চলছিল। গত সোমবার এমপির মেয়ে অনন্যা মাদরাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখালে স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি হয়, যা পরে পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে মীমাংসা হয়।
তবে মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও তাঁর মেয়ে পুনরায় ওই মাদরাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে অনন্যা ক্ষিপ্ত হয়ে রেকসোনা নামের স্থানীয় এক নারীর ওপর হামলা চালিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ছবি সংগৃহীত।

