স্ত্রীর রগ কেটে পুলিশের খাঁচায় স্বামী

স্ত্রীর রগ কেটে পুলিশের খাঁচায় স্বামী

স্ফুলিঙ্গ ডেক্স :

নেত্রকোণার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের এক সিনিয়র স্টাফ নার্সের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আহত মারুফা আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। প্রায় ১০ বছর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আরিফুল ইসলামের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ জানায়, গত ৬ মাস আগে কর্মস্থলে যোগদানের পর থেকেই তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে ঝগড়ার একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আটক আরিফুল ইসলামের দাবি, স্ত্রীকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করলেও মারুফা তার ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। সেই অতিষ্ঠতা থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ঘটনার পর পরই আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ছবি-সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *