স্ফুলিঙ্গ ডেক্স :
দেশজুড়ে চলমান প্রচণ্ড দাবদাহের মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র লোডশেডিং। লোডশেডিংয়ের এই অসহ্য যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, সেই কাঙ্ক্ষিত সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হতো, তার একটি ইউনিটে যান্ত্রিক সমস্যা হওয়ায় এখন তারা মাত্র অর্ধেক বিদ্যুৎ দিচ্ছে। এছাড়া বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টেও একই ধরণের সমস্যা দেখা দিয়েছে। বড় দুটি বিদ্যুৎ কেন্দ্রের এই কারিগরি ত্রুটির কারণেই দেশজুড়ে লোডশেডিং বেড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময়সীমা:
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে:
-
২৬ এপ্রিল (আগামীকাল): আদানি পাওয়ার থেকে পুনরায় বিদ্যুৎ আমদানির সম্ভাবনা রয়েছে।
-
২৮ এপ্রিল: বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
-
মে মাসের প্রথম সপ্তাহ: জ্বালানি সংকটে বন্ধ থাকা আরএনপিএন (RNPN)-এর ইউনিট চালু হলে সব মিলিয়ে প্রায় ২,০০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানিয়েছেন, আগামী ২৮ তারিখ থেকে পরিস্থিতি অনেকটা শান্ত হবে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে সাময়িকভাবে সংকট কমানো গেলেও এটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য স্থায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর পূর্ণ সক্ষমতা প্রয়োজন।
ফাইল ছবি


