স্ফুলিঙ্গ ডেক্স :
কুড়িগ্রামের রৌমারীতে উচ্চ আদালতের ‘স্থিতাবস্থা’ অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা শঈমি ইমরান হিকিমের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল আজিজ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার না পেয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত হিকিম উপজেলা জামায়াতের আবু সাঈদ ইউনিটের সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহিলা কলেজপাড়া গ্রামের আব্দুল আজিজ ১৯৯৩ সালে জনৈক রেহেনা বেগমের কাছ থেকে সাড়ে ১৩ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু রেকর্ড সংশোধনের জটিলতার সুযোগ নিয়ে ২০০১ সালে মূল মালিক রেহেনা বেগম একই জমি দ্বিতীয়বার জামায়াত নেতা হিকিমের কাছে বিক্রি করেন।
ভুক্তভোগীর দাবি, হিকিম রাতের অন্ধকারে আজিজের একটি দোকানঘর দখল করে সেখানে ‘খাদিজা টাইলস’ নামক সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং পাশে নতুন টিনশেড ঘর নির্মাণ শুরু করেন।
থানায় অভিযোগ করে সমাধান না পাওয়ায় আব্দুল আজিজ হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করলেও হিকিম তা তোয়াক্কা না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আব্দুল আজিজ বলেন, “আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হিকিম ঘর তুলছেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
অভিযুক্ত জামায়াত নেতা শঈমি ইমরান হিকিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে হুমকি দিইনি। রেহেনা বেগম মামলার রায় পাওয়ার পর আমি তাঁর কাছ থেকে বৈধভাবে জমিটি কিনেছি এবং এখন মালিক হিসেবে কাজ করছি।”
রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, “পুলিশ পাঠিয়ে কয়েকবার নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হলেও তারা তা মানছে না। যেহেতু বিষয়টি আদালতের, তাই আমরা ভুক্তভোগীকে পুনরায় আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।”
ছবি সংগৃহীত।

