স্ফুলিঙ্গ ডেক্স :
মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে বসা সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নজরুল খন্দকার (৬০) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল খন্দকার ও অভিযুক্ত ওয়াহিদ খন্দকার (৪০) ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে শুক্রবার বিকেলে স্থানীয় মুরুব্বিদের নিয়ে একটি সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ছোট ভাই ওয়াহিদ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে বড় ভাই নজরুল ও তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। হামলাকারীরা তাঁদের মাথায় উপর্যুপরি কিলঘুষি ও ইট দিয়ে আঘাত করলে বাবা-ছেলে দুজনেই গুরুতর জখম হন।
আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নজরুলের অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার পলাতক রয়েছেন।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ছবি সংগৃহীত।


