যশোরে সাড়ম্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোরে সাড়ম্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সারাদেশের ন্যায় যশোরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় যশোর উপশহর শিশু হাসপাতাল, নিউমার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইউসুফ আলী, মেডিকেল অফিসার ডা. মৌসুমী বিনতে মানিক, ডা. সামিনা পারভীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
এ বছর যশোর জেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশু রয়েছে।
জেলার আট উপজেলায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্রে সরকারি ও বেসরকারিভাবে ৫ হাজার ২১৭ জন কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা, অন্ধত্ব, হাম, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি অভিভাবককে তাদের সন্তানকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *