স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় স্বামীর সঙ্গে সামান্য পারিবারিক কলহ ও অভিমানের জেরে বিষপান করে আঁখি (১৯) নামে এক সন্তানের জননী এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছেন। ফুটফুটে সন্তান ও স্বামীকে নিয়ে সুখী সংসারের স্বপ্ন বুনেছিলেন যে তরুণী, মাত্র ১৯ বছর বয়সেই তাঁর এমন আকস্মিক আত্মহননের ঘটনায় দুই পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আঁখি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের হাঁসখালি গ্রামের শাহীনের স্ত্রী এবং পাশ্ববর্তী শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের আশরাফুল হোসেন খোকনের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী শাহীনের সাথে আঁখির তীব্র পারিবারিক কলহ ও ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর প্রচণ্ড অভিমান করে পরিবারের সবার অগোচরে ঘরে থাকা ফসলে দেওয়ার বিষাক্ত কীটনাশক (বিষ) পান করেন আঁখি। কিছুক্ষণের মধ্যে বিষের তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করতে থাকলে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করেন। প্রথমে তাকে নিকটস্থ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আঁখির শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে রাত ২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আঁখি।
নিহতের স্বজনরা জানান, বিয়ের পর তাঁদের কোলজুড়ে একটি ফুটফুটে সন্তান আসে। স্বামী ও বাচ্চার সাথে আঁখির তোলা সুন্দর মুহূর্তের ছবিগুলো এখন কেবলই স্মৃতি। সামান্য ঝগড়ার জেরে আঁখি এত বড় চরম সিদ্ধান্ত নেবে, তা কেউ ভাবতেও পারেননি।
এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানায়, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ও বেদনাদায়ক আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবিতে স্বামী ও বাচ্চা সহ নিহত গৃহবধূ আঁখি-ছবি সংগৃহীত।

