স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরে এক কিশোরকে অপহরণ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে ভবনের কেয়ারটেকারের উপস্থিতিতে সে যাত্রায় রক্ষা পায় সে।
অভিযোগ সূত্রে জানা যায়,শহরের চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা জাবির হোসেনের ছেলে বায়েজিদ হোসেন তাজ (১৫) ,গত ৪ মে বিকেল সাড়ে ৪টার দিকে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। সে যশোর পালবাড়ি সড়কের সিআইডি অফিসের সামনে আজগরের চায়ের দোকানের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার নাম-পরিচয় জিজ্ঞাসা করে। পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নেয়।
পরে তাকে শহরের চৌরাস্তা বস্তাপট্টি এলাকার গাজী পূর্বাচল টাওয়ার নামে একটি ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভবনের কেয়ারটেকার লুৎফর সেখানে চলে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
পরে ভবনের লোকজন কিশোরটিকে জিম্মায় রেখে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত কিশোর জানায়, অভিযুক্ত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর এবং গায়ের রং শ্যামলা। তাকে দেখলে শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে সে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাইল ছবি সংগৃহীত।

