স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অকেজো পড়ে থাকা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দ্রুততম সময়ের মধ্যে পরিপূর্ণভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্ত প্রদান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর প্রয়োজনীয়তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী জানান, হৃদরোগীদের জরুরি চিকিৎসার অভাবে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যশোরে এই পূর্ণাঙ্গ সিসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় ভবন নির্মাণ ও মূল্যবান যন্ত্রপাতি কেনা হলেও পরবর্তী সরকারগুলোর অবহেলার কারণে দীর্ঘ ১৯ বছর ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়েছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। সম্প্রতি জাতীয় সংসদেও এই অব্যবস্থাপনা ও জনগণের বঞ্চনা নিয়ে সোচ্চার হয়েছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, প্রতিমন্ত্রীর মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানতে পেরেছেন। দাপ্তরিক কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুতই সিসিইউ চালুর প্রক্রিয়া শুরু হবে। ফাইল ছবি ।

