বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম (আনারস প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. রাসেল ( তালা চাবি প্রতীক)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটায় কলাপাড়া মহিলা কলেজ ভোটকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. নাজমুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম পনির (চেয়ার প্রতীক) পেয়েছেন ৮১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ১২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৯০৪ ভোট।
এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো প্রকার বিরতি ছাড়াই একটানা বিকাল ৫টা পর্যন্ত চলে। রাজনৈতিক প্রভাবমুক্ত, নজিরবিহীন শান্তিপূর্ণ ও অবাধ এই নির্বাচনে সমিতির মোট ২৩৯৩ জন ভোটারের মধ্যে ২১৪৫ জন ব্যবসায়ী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কার্যকরী কমিটির অন্যান্য পদের মধ্যে ১২২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান (গরুর গাড়ি প্রতীক) এবং ৮৯০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে রহিমুল হক হিরু (গোলাপ ফুল প্রতীক) নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১৪৬৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমানুল ইসলাম আমান মৃধা (বই প্রতীক), ১১৫৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন তালুকদার (মোরগ প্রতীক), ১৭২১ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে আবদুর রহমান জাফর (ঘোড়া প্রতীক) এবং ১০৩০ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান (হাঁস প্রতীক) বিজয়ী হয়েছেন।
এদিকে দপ্তর সম্পাদক পদে এবিএম খালেক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে ১১৬২ ভোট পেয়ে মো. জহিরুল ইসলাম জহির (সেলাই মেশিন প্রতীক) এবং ১০৮৩ ভোট পেয়ে এসএম আলমগীর হোসেন (টেলিফোন প্রতীক) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী সফল নির্বাচন শেষে গণমাধ্যমকে বলেন, “সকল সাধারণ ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতায় আমরা একটি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। নবনির্বাচিত এই কমিটি আগামী ৩ বছর সমিতির দায়িত্ব পালন করবে। আমরা আশা করি, সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সমিতির সার্বিক উন্নয়নে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।”
এদিকে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সফল সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক।
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন ‘গ্রীন কলাপাড়া ক্লীন কলাপাড়া’-র উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সুমন গাজী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’-র প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির জুয়েল, সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী স্বজল বিশ্বাস এবং লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

