কাল ২৫ হাজার ২৫২ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণী এইচএসসি ও সমমান যুদ্ধ শুরু

কাল ২৫ হাজার ২৫২ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণী এইচএসসি ও সমমান যুদ্ধ শুরু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সারাদেশের ন্যায় আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে যশোর জেলাতেও একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই তাত্ত্বিক বা লিখিত পরীক্ষাগুলো একটানা চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এবারের পরীক্ষায় মেধা যাচাইয়ের চূড়ান্ত লড়াইয়ে নামছে জেলার ২৫ হাজারের বেশি শিক্ষার্থী।

আজ বুধবার (১ জুলাই) যশোর জেলা প্রশাসন সূত্রে পরীক্ষার আসন বিন্যাস, পরীক্ষার্থীর সংখ্যা ও সার্বিক প্রস্তুতি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বছর যশোর জেলার আটটি উপজেলার মোট ৭৬টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ২৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। তিনটি পৃথক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের এই বিভাজন করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে সবচেয়ে বেশি ১৯ হাজার ৭৮০ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২ হাজার ৩৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম/বিএমটি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) কোর্সের পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসছে।

পরীক্ষা শতভাগ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ শুরু করেছে। পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা প্রশ্ন ফাঁসের গুজব রোধে গোয়েন্দা নজরদারিসহ কেন্দ্রগুলোর চারপাশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পরীক্ষা সংশ্লিষ্টদের পরীক্ষা বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *