বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সাগরে সৃষ্টি হওয়া বড় বড় ঢেউ উপকূলীয় তীরে আছড়ে পড়ছে। বৈরী আবহাওয়ার প্রভাবে গতকাল থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদী বন্দরসমূহকে ০১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনের মুহূর্তে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে পারে। ছবি সংগৃহীত।

