ঝিনাইদহে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা শহরে ভোরের আলো ফোটার আগেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রবিন্দু পায়রা চত্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি কেসি কলেজ গেটে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও চিত্র সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আকস্মিক এই মিছিলটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। মিছিলে অংশগ্রহণকারী ২০-২৫ জন যুবকের হাতে একটি ব্যানার দেখা যায়। ওই ব্যানারে লেখা ছিল—‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’। ব্যানারের নিচের অংশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নামও স্পষ্টভাবে উল্লেখ ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না’ ইত্যাদি রাজনৈতিক স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে জেলা ছাত্রলীগ সম্পাদক আল ইমরানকে ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলার নীরবতাকে কাজে লাগিয়ে অত্যন্ত সুপরিকল্পিত ও সুকৌশলে অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ করে স্থান ত্যাগ করে অংশগ্রহণকারীরা। ফলে কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়নি তাদের। তবে নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য তৎপরতা ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন মহলকে।

এই ঝটিকা মিছিলের বিষয়ে জেলা ছাত্রলীগ বা সংশ্লিষ্ট অন্য কোনো মহলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন ঝটিকা মিছিলের ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে নজরদারি জোরদার করা হয়েছে। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *