ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মধ্যরাতে এক ঝটিকা অভিযান চালিয়ে অত্যন্ত মরণঘাতী ও অভিনব একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি চৌকস আভিযানিক দল।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটের সময় রাজাপুর থানার সাতুরিয়া ইউনিয়ন এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
র্যাব-৮, বরিশাল সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে এক চিহ্নিত সন্ত্রাসীর ডেরায় একটি বিরল ও মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে— এমন একটি সুনির্দিষ্ট ও নিরেট গোপন সংবাদ আসে র্যাবের গোয়েন্দা শাখার কাছে।
সংবাদের সত্যতা যাচাই করে র্যাব-৮ এর একটি আভিযানিক দল মধ্যরাতে রাজাপুর থানার ০১ নং সাতুরিয়া ইউনিয়নের গুচ্ছ এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় জনৈক মোঃ নান্নু শিকদার এর বসতবাড়ির পেছনে চলাচলের ঢালাই গলি রাস্তার পাশে এক ঝটিকা তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই বাড়ির মুরগির খাঁচার (খোপের) পেছনে অত্যন্ত নিখুঁতভাবে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি অবৈধ বিদেশি ‘পেন গান’ বা কলম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন র্যাব সদস্যরা। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত এই পেন গানটি দেখতে হুবহু সাধারণ কলমের মতো হলেও এটি দিয়ে দূর থেকে নিখুঁতভাবে গুলি ছুঁড়ে মানুষের তাৎক্ষণিক মৃত্যু ঘটানো সম্ভব। সাধারণত ভিআইপিদের নিরাপত্তা বিঘ্নিত করতে কিংবা অতর্কিত রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির উদ্দেশ্যে অপরাধী চক্র এই ধরণের মরণঘাতী চোরাই অস্ত্র ব্যবহার করে থাকে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এই হাই-ভোল্টেজ আলামতটি মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একই সাথে এই অস্ত্রটি সীমান্ত দিয়ে আনা বা স্থানীয়ভাবে এর নেপথ্যে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত আছে, তাদের শনাক্ত করতে ছায়া তদন্ত শুরু করেছে র্যাব।
র্যাব-৮ এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সমাজকে সম্পূর্ণ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অবৈধ সাব-অস্ত্র মুক্ত করতে র্যাবের এই ধরণের আপোষহীন ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

