নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মাটিচাপা মরদেহ উদ্ধার

নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মাটিচাপা মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ও ফরিদপুর সীমানার কালীতলা এলাকায় নিখোঁজের ১০ দিন পর জাহানারা আক্তার (৩২) ও তার চার বছরের শিশু সন্তান সামিয়া আক্তারের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত জাহানারা আক্তার গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া এলাকার দিনমজুর আমজাদ শেখের স্ত্রী। গত ৪ মে বিকেলে তারা এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল দুপুরে কালীতলা এলাকায় একটি পুকুরপাড়ে দুর্গন্ধ ও মাটি থেকে মানুষের পা বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের স্থানটি রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়। পরবর্তীতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনের উপস্থিতিতে স্থানীয় আমিন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। স্থানটি ফরিদপুরের কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত হওয়ায় মামলা ও তদন্তের দায়িত্ব ওই থানাকে দেওয়া হয়েছে।

নিহত জাহানারার স্বামী আমজাদ শেখ জানান, তিনি ও তার স্ত্রী সাভারের একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে উজানচরের উজ্জ্বল শেখের সাথে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার সালিসও হয়েছে। গত ৪ মে স্ত্রী-সন্তান নিখোঁজ হওয়ার পর আমজাদ শেখ ধারণা করেছিলেন তারা উজ্জ্বলের সাথেই পালিয়েছে। এমনকি পরদিন তিনি থানায় চুরির অভিযোগও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়জনদের মরদেহ পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ বৃহস্পতিবার রাতেই মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত উজ্জ্বল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি ফরিদপুর এলাকায় হওয়ায় তারা ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশকে সব ধরনের সহযোগিতা করছেন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে যৌথভাবে কাজ চলছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *