স্ফুলিঙ্গ রিপোর্ট : (শুক্রবার, ১ মে ২০২৬)
যশোর শহরের উপশহর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন উপশহর ডি-ব্লক প্রাইমারি স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাহিদ (২৪)। তিনি উপশহর ৬ নম্বর সেক্টরের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের একজন নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা পূর্ব বিরোধের জেরে একই এলাকার ফারহান (২০), রোহিত (১৯), সাকলাইন (২২) ও সালমান (২৩) নাহিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ছবি সংগৃহীত।


