রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক, অসামাজিক কার্যকলাপ ও চুরির উপদ্রব। বিশেষ করে কিশোর গ্যাং-এর অপতৎপরতা এবং একের পর এক বাইসাইকেল চুরির ঘটনায় চরম উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
সর্বশেষ গত সোমবার (২৭ এপ্রিল) এশার নামাজের সময় কোটচাঁদপুর সরকারি বয়েজ হাইস্কুল জামে মসজিদে এক নজিরবিহীন চুরির ঘটনা ঘটে। তুহিন নামে এক ব্যবসায়ী মুসল্লি নামাজে দাঁড়ালে দুই কিশোর তাঁর সাইকেলটি নিয়ে চম্পট দেয়। চুরির এই দৃশ্য মসজিদের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। শুধু মসজিদ নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে এখন প্রতিনিয়ত সাইকেল চুরির ঘটনা ঘটছে।
পৌর ও উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ম্য যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজচিন্তক শফিক শাহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “অতীতের সব রেকর্ড ভেঙে কোটচাঁদপুরে এখন চোর ও নেশাখোরদের অবাধ বিচরণ চোখে পড়ছে। দ্রুত কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান না চালালে এই সমাজ অচিরেই কলুষিত হয়ে পড়বে।”
সচেতন মহলের দাবি, স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বহীনতা ও ‘গা-ছাঁড়া’ ভাবই এই পরিস্থিতির জন্য দায়ী। অপরাধীরা বীরদর্পে সমাজবিরোধী কর্মকাণ্ড চালিয়ে গেলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ‘ঠুঁটো জগন্নাথ’ ইমেজ তৈরি হচ্ছে। অবিলম্বে বিশেষ অভিযানের মাধ্যমে শহরকে নিরাপদ করার দাবি জানিয়েছেন পৌরবাসী।
ছবি সংগৃহীত।


