স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ উপলক্ষে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে এবং এতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও জানান, নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটি টিমকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ছবি -সংগৃহীত।


