ছুরিকাঘাতে ইন্টারনেটকর্মী খুন !

ছুরিকাঘাতে ইন্টারনেটকর্মী খুন !

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনার ফুলতলায় পূর্ব বিরোধের জেরে সাব্বির হোসেন (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল যুবক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ইন্টারনেট ও ডিশ সংযোগের কাজ করতেন। আহতরা হলেন— স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯)। তাদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী ও হতাহতরা একে অপরের পূর্ব পরিচিত এবং বন্ধু। গত ৪-৫ দিন আগে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার রাতে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে ওত পেতে থাকা একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাব্বিরসহ তিনজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *