মেলায় যাওয়ার বায়না ধরে নিখোঁজ ছিল নাছিমা

মেলায় যাওয়ার বায়না ধরে নিখোঁজ ছিল নাছিমা

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই কিশোরীর নাম নাছিমা খাতুন (১২)। সে উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ‘ইকো ব্রিকস’ নামক ইটভাটার পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

যেভাবে নিখোঁজ হয় নাছিমা:

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় বৈশাখী মেলায় ঘুরতে যাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে নাছিমা। মা নাজমা বেগম তাকে যেতে নিষেধ করলেও সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় মা ধারণা করেছিলেন নাছিমা হয়তো রাগ করে সাফদারপুর এলাকায় নানাবাড়ি চলে গেছে। কিন্তু সেখানেও নাছিমার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন সকালেই ইটভাটার পুকুরে মিলল তার নিথর দেহ।

মরদেহ উদ্ধার ও পুলিশের পদক্ষেপ:

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশের ওই পুকুরে বোরকা পরিহিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা নাছিমাকে শনাক্ত করেন।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ ও থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি নিছক কোনো দুর্ঘটনা, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *