স্ফুলিঙ্গ ডেক্স :
ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির অপবাদে মো. হোসাইন (১৫) নামে এক কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
ভুক্তভোগী হোসাইন উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর চান্দড়া গ্রামের মৃত মোছেন শেখের ছেলে। সে ঢাকায় একটি ফার্নিচার কারখানায় কাজ করে। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা থেকে একটি ড্রিল মেশিন চুরির অপবাদ দিয়ে গত শনিবার (১১ এপ্রিল) সকালে তাকে বাড়ি থেকে তুলে আনা হয়। এরপর ইউপি সদস্য ফিরোজ মোল্যার নেতৃত্বে স্থানীয় ইয়াসিন ও শাকিলসহ কয়েকজন তাকে একটি গাছের সাথে বেঁধে বেদম মারধর করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্যাতনের চোটে কিশোরটি কয়েকবার অসুস্থ হয়ে পড়লে নির্যাতনকারীরা তা ‘অভিনয়’ বলে আরও বেশি মারধর করে। ভুক্তভোগী হোসাইন জানায়, তাকে ঘরে আটকে রেখে পরে বাইরে এনে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ জানায়, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করলেও পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ও ইউপি সদস্য আলমগীর হোসেন পুলিশের কাছ থেকে তাদের জিম্মায় ছাড়িয়ে নেন। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, ভিডিও পর্যালোচনা করে রোববার রাতে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানও বিষয়টির সত্যতা নিশ্চিত করে কঠোর আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন।
ছবি-সংগৃহীত


