১৮ মামলার আসামি সন্ত্রাসী এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা

১৮ মামলার আসামি সন্ত্রাসী এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ‘এলেক্স গ্রুপের’ মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন (২৫) নিহত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপের’ মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন ঢালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলেক্স ইমনের বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত জব্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ জানান, নিহত এলেক্স ইমন ওই এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবিটি সিসিটিভি থেকে সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *