স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ এক সফল অভিযানে বিশাল মাদক চালানসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কৈয়া বাজারস্থ ‘বিল্লাল ভল্কানাইজিং’-এর সামনে বিশেষ চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম নাহিদ সরদার (২৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার গ্রামের মো. মিরাজ সরদারের ছেলে।
বিপুল পরিমাণ এই মাদকের চালানসহ গ্রেপ্তারের পর নাহিদ সরদারের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই মাদক চালানের সাথে কোনো শক্তিশালী চক্র জড়িত রয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃত আসামীকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।
ছবি-সংগৃহীত


