স্ফুলিঙ্গ ডেক্স :
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটতে যাচ্ছে। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা তথাকথিত ‘মিটার চার্জ’ পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এই সুখবর জানান।
বিদ্যুৎমন্ত্রী জানান, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। তিনি বলেন, “গ্রাহকদের সুবিধার্থে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি আমাদের পর্যবেক্ষণে ছিল।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে রিচার্জ করার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে গুনতে হয়। অনেক গ্রাহকের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে এই টাকা কাটায় মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে গেছে। তবুও কেন বাড়তি টাকা কেটে নেওয়া হচ্ছে, তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ছিল।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত সময়ে মিটার ক্রয়ে যে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের দায়ভার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল, বর্তমান সরকার তা থেকে জনগণকে মুক্তি দিতে চায়। গ্রাহকের পকেটের টাকা সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাইল ছবি


