স্ফুলিঙ্গ ডেক্স :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ঢাকা থেকে বরিশালগামী ‘গ্রীনভিউ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বাটাজোর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক ছেড়ে পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনভিউ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ছবি-সংগৃহীত


