তেলের জন্য প্রাণ গেল পাম্প ম্যানেজারের

তেলের জন্য প্রাণ গেল পাম্প ম্যানেজারের

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: তেলের জন্য মানুষের জীবন যাবে, এমন নৃশংসতা দেখলো নড়াইল। সামান্য ডিজেল না পেয়ে কথা কাটাকাটির জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে পিষে মারার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) স্থানীয় ‘তানভীর ফিলিং স্টেশন’-এর ম্যানেজার ছিলেন। তিনি সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এই ঘটনায় তার সহকর্মী জিহাদ মোল্যাও (২৭) গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর পাম্পে ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেলের স্টক না থাকায় ম্যানেজার নাহিদ তেল দিতে অপারগতা জানান। এতেই ক্ষিপ্ত হয়ে চালক ও সহকারী নাহিদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।

রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ যখন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, ঠিক তখন পেছন থেকে ঘাতক ট্রাকটি তাদের ওপর তুলে দেওয়া হয়। পাম্প থেকে মাত্র ১০০ গজ দূরেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নাহিদ। গুরুতর আহত জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঘটনার পর পরই ট্রাক নিয়ে ঘাতক চালক ও সহকারী চম্পট দেয়। নড়াইল জেলা জুড়ে বর্তমানে তেলের তীব্র সংকট চলছে, যার জেরে প্রায়ই পাম্পগুলোতে বিশৃঙ্খলা ঘটছে। তবে তেলের জন্য এমন পরিকল্পিত হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী জানিয়েছেন, পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। ঘাতক ট্রাক ও চালককে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *