স্ফুলিঙ্গ ডেক্স : ২৫ মার্চ ২০২৬
বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুরের কাহারোলে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা রাত ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি স্থানীয় শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে একটি বরযাত্রীর মাইক্রোবাস রংপুরের তারাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তেরমাইল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অটোরিকশাচালক মোবাইল ফোনে খবর দিলে দশমাইল এলাকায় শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বরযাত্রীর গাড়িবহর আটকে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে মোস্তফা কামাল মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হাতাহাতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ছবি-সংগৃহীত


