স্ফুলিঙ্গ ডেক্স : ২৫ মার্চ ২০২৬
পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই ও সাবেক আওয়ামী লীগ নেতা ডা. গোলাম কবিরের বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত মিন্টু ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম কবিরের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। বুধবার সকালে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ডা. গোলাম কবির তার লাইসেন্স করা শর্টগান দিয়ে ছোট ভাই মিন্টুর মাথায় একাধিক গুলি করেন। গুরুতর আহত অবস্থায় মিন্টুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ডা. গোলাম কবিরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত ডা. গোলাম কবিরকে আটক করে হেফাজতে নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
ছবি-সংগৃহীত


