স্ফুলিঙ্গ ডেক্স : ২৪ মার্চ ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে পূর্ব শত্রুতার জেরে ১৮ বছর বয়সী এক কিশোরকে নৃশংসভাবে পিটিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইমন নামের ওই কিশোরের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ইমন উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ‘পাগলা বাড়ি’ ও ‘শেখ বাড়ি’র মধ্যে দীর্ঘ ৭-৮ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৯টার দিকে ইমন তার বাবার দোকানের জন্য কাঠ আনতে বের হলে পথে শেখ বাড়ির লোকদের সাথে সামান্য ধাক্কা লাগে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, বল্লম ও টেঁটা নিয়ে ইমনের ওপর ঝাঁপিয়ে পড়ে।
মারাত্মক আহত অবস্থায় রাত ১১টার দিকে ইমনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই জানান, ইমনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বজনরা অ্যাম্বুলেন্স জোগাড় করার আগেই রাত সোয়া ১১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। থানার সহকারী পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম জানান: মরদেহের সুরতহাল রিপোর্টে শরীরে জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
ফাইল ফটো


