কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা : ছুরিকাঘাতে আহত ২

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা : ছুরিকাঘাতে আহত ২

রফিক মন্ডল,নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনশূন্য মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুষ্কৃতকারী। এসময় বাধা দিলে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু-চামপাচার মাঠের নির্জন সড়কে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে লক্ষীকুন্ডু গ্রামের চার যুবক—সুমন, সজল, সোহান ও আবির দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা চামপাচার মাঠের অন্ধকার ও নির্জন স্থানে পৌঁছালে দেখতে পান রাস্তায় বড় গাছ ফেলে পথরোধ করা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়াল থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে।

দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরোহীরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সজল ও সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের আর্তচিৎকারে মাঠের পাহারাদার ও নিকটস্থ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ডাকাতরা মালামাল লুট করতে না পেরে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আহত সজল ও সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

মাঠের নির্জন রাস্তায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে যাতায়াতকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে সাফদারপুর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং জনস্বার্থে রাতে পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *