স্ফুলিঙ্গ ডেক্স : ২০ মার্চ ২০২৬
চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় সামান্য কথা কাটাকাটি। আর সেই তুচ্ছ ঘটনাই রূপ নিল মধ্যরাতের এক ভয়াবহ রণক্ষেত্রে। ফরিদপুরের ভাঙ্গার হামিরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে গ্রামের ইসমাইল মুন্সির সাথে চুন্নু মিয়ার বিরোধ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাতে ইসমাইলের ছেলে ফুহাদ ও চুন্নুর ছেলে ইব্রাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার রেশ ধরে রাত ১২টার দিকে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নামে।
ঘন অন্ধকারের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে কয়েকশ লোক। প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মাতুব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার বিষয়ে অবগত নন বলে জানালেও, গ্রামবাসীর অভিযোগ—বিপদের সময় পুলিশকে ফোন দিলেও তারা সময়মতো সাড়া দেয়নি। বর্তমানে গ্রামজুড়ে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

