ওসির গাড়ি ভাঙচুর

ওসির গাড়ি ভাঙচুর

স্ফুলিঙ্গ ডেক্স : (১৯ মার্চ ২০২৬) কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সংসদ সদস্য মো. আফজা ল হোসেনের স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার এলংগীপাড়া এলাকায় ওসির ব্যবহৃত পিকআপ ভ্যানে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপের এই ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা চরম আকার ধারণ করলে এমপি নিজেই পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় এমপির দুই ভাই ও তাদের সমর্থকরা রেললাইনের পাথর নিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। পাথরের আঘাতে ওসির গাড়ির সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এমপির স্বজনদের বিরোধ মেটাতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। উভয়পক্ষের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে ঘটনার সময় সংসদ সদস্য আফজাল হোসেন বাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন তার মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম। তিনি জানান, পারিবারিক কলহের জেরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে ডাকা হয়েছিল, কিন্তু কারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তা তারা খতিয়ে দেখছেন।

কুমারখালী থানা, ইনসেটে গ্লাস ভাঙ্গা পুলিশের গাড়ি। ছবি সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *