বাগেরহাট প্রতিনিধি : পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে। হামলায় রাজু খান নামের এক পুলিশ কনস্টেবল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের একটি দস্যুতা মামলার আসামি নাদিম শেখকে ধরতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ৭ সদস্যের দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।
আসামি নাদিমকে মুক্ত করতে সাগর শেখ পুলিশ কনস্টেবল রাজু খানের ডান হাত লক্ষ্য করে কোপ দেয়। এতে রাজু খান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সেই সুযোগে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহকর্মীরা দ্রুত আহত কনস্টেবলকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভিযুক্ত নাদিমের বিরুদ্ধে এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলের একাধিক অভিযোগ রয়েছে। কচুয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়; ২০২২ সালেও এক উপ-পরিদর্শক এখানে সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেন। এমনকি ২০২৫ সালের এপ্রিলেও আসামি ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলার নজির রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান জানান, কর্তব্যরত পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পলাতক আসামি ও হামলাকারী সাগরকে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


