খোদ পুলিশ প্রধান আইজিপির বাড়িতে চোরের হানা : তামার তার লুট !

খোদ পুলিশ প্রধান আইজিপির বাড়িতে চোরের হানা : তামার তার লুট !

স্ফুলিঙ্গ রিপোর্ট : খোদ পুলিশ প্রধান বা আইজিপির নিজ বাড়িতেই চুরির দুঃসাহস দেখিয়েছে একদল চোর। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় অবস্থিত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাসভবনে এই চুরির ঘটনা ঘটে। অন্ধকারের সুযোগ নিয়ে চোরচক্র বাড়ির বিদ্যুতের মূল্যবান তামার তার লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, সোমবার রাত থেকে বাগেরহাটে প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র আইজিপির তিনতলা ভবনের সীমানায় প্রবেশ করে। বৃষ্টির কারণে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তারা বাড়ির প্রধান বিদ্যুৎ লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল দামী তামা তার কেটে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই অভিযানে নেমেছে পুলিশের একাধিক দল। চুরির মালামাল উদ্ধারে এরই মধ্যে এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের ধারণা, দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের ধরতে চিরুনি অভিযান চলছে।

প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *