স্ফুলিঙ্গ ডেক্স : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সকল সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) খোলা থাকবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও প্রয়োজন অনুযায়ী সীমিত জনবল দিয়ে এসব শাখায় বাণিজ্যিক কার্যক্রম সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যাংকিং সেবা মিলবে। এই দুই দিন ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহকদের সাথে মূল লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১৫ মিনিটের জোহরের নামাজের বিরতি থাকবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, ঈদের দিন (সম্ভাব্য ২১ মার্চ) দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ বন্ধ থাকবে। এছাড়া ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত লেনদেনের সময়সীমা সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবে।
ফাইল ফটো


