১৪ মার্চ, ২০২৬
স্ফুলিঙ্গ রিপোর্ট : মাগুরার ওয়াপদা সড়কের কেষ্টপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে চলন্ত অবস্থায় একটি বিশাল গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (৩৫) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের দিপুল মোল্লার ছেলে মাহফুজ (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর থেকেই মাগুরা জেলাজুড়ে হালকা বাতাস বইছিল। প্রান্ত ও মাহফুজ মোটরসাইকেলযোগে ওয়াপদা সড়ক দিয়ে যাওয়ার সময় কেষ্টপুর এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ধারের একটি বড় গাছের ডাল ভেঙে সরাসরি তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রান্ত দত্ত।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মাহফুজকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ফরিদপুর নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবির সংগৃহীত।


