
স্ফুলিঙ্গ ডেক্স : এক গৃহবধূকে নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে হত্যার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় (৬মার্চ) বরগুনার সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায়। পুলিশ নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর নাম আলম তাজ (৪৪)। তিনি ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, ঘটনার সময় নিহত গৃহবধ আলম তাজ তাঁর নিজ বাড়িতে একা ছিলেন। কে বা কারা ঘরে প্রবেশ করে লোহার শাবল দিয়ে শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধুর।
পরে স্থানীয় লোকজন টের পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান,ইফতারের পর ওই বাড়িতে এসে আলম তাজের মরদেহ বাড়ির বারান্দায় পরে থাকতে দেখা যায়। ওই সময় নারীর পরিহিত স্বর্ণালংকার যা ছিল তাই পাওয়া গেছে। কোন কিছু খোঁয়া যায়নি। পরিবারটির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছেন এলাকাবাসী । নিহত নারীর ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করে।
নিহত আলম তাজের মা ছায়াতন বেগম বলেন, ‘আমি মেয়ের বাড়িতে থাকি না। কী কারণে কী হয়েছে আমি তা কিছুই জানি না। জামাইয়ের অসুস্থতার কথা জানিয়ে আমাকে খবর দেওয়া হয়। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কারা যেন মেরে ফেলেছে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম জানান, এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই নারীর স্বামী আবুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহ্উদ্দিন জানান, দ্রুততম সময়ের মধ্যে পুলিশ সদস্যসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা শেষে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে ধারালো নয়, এমন একটি লোহার তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে, যার মাধ্যমে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


