নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের ফারাসাতপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ফারাসাতপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. তুহিন (২৩) এবং মোবারকপুর গ্রামের খায়রুল ইসলাম বাবুর ছেলে অনিক ইসলাম (২০)।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. তুহিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ড প্রদানের পর উপস্থিত পুলিশ ও গ্রামবাসীর সামনে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


