স্ফুলিঙ্গ ডেক্স ; একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে নববধূ ও শিশুসহ একই পরিবারের ১২ জন সদস্য সহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়ায় বেলাই ব্রিজের কাছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানাগেছে। নিহত ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে,দ্রুতগতিতে চলাচলের সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ১৩ জনের মৃত্যু হয় ও ১৫জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। লাশ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানায়।


