‘বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার ছিলেন

‘বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার ছিলেন

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :২০ জুলাই -২০২৬

বিগত ১৭ বছরে দেশের সাবেক এমপি ও মন্ত্রীরা পর্দার আড়ালে মাদকের ডিলার হিসেবে ভূমিকা পালন করেছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হলে সবার আগে তরুণ প্রজন্মকে মাদকের মরণব্যাধি ছোবল থেকে মুক্ত করতে হবে।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানসহ অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়ে নিপুন রায় চৌধুরী ধর্মীয় নেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, “মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা যখন খুতবা বা বয়ান দেবেন, তখন যেন নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। একইভাবে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত যারা আছেন, আপনারাও মন্দিরের ধর্মীয় সভায় সাধারণ মানুষকে মাদকের কুফল সম্পর্কে সোচ্চার করবেন, যাতে প্রতিটি পরিবার সচেতন হতে পারে।”

তিনি আরও যোগ করেন, কেবল কঠোর আইন প্রয়োগ বা পুলিশি তৎপরতা দিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি স্তর থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ দরকার। যুবসমাজের হতাশা দূর করতে প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির ওপর জোর দেন।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জেলা পরিষদের তহবিল থেকে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক সংগঠন ও স্থানীয় দুস্থ-অসচ্ছল মানুষের কল্যাণে সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং নবনির্মিত ‘ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপ’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *