আ.লীগ সমর্থিত চেয়ারম্যানদের দেখে জুলাই যোদ্ধাদের ওয়াকআউট

আ.লীগ সমর্থিত চেয়ারম্যানদের দেখে জুলাই যোদ্ধাদের ওয়াকআউট

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’-এর আলোচনা সভাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতির প্রতিবাদে আমন্ত্রিত জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং সভা বর্জনের ঘোষণা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা রিহান হোসেন জানান, অনুষ্ঠান শুরু হওয়ার পর দর্শক সারিতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জাহিদুল ইসলামসহ দলটির বিতর্কিত কয়েকজন নেতাকে উপস্থিত দেখতে পেয়ে তারা প্রতিবাদী হয়ে ওঠেন। তাৎক্ষণিকভাবে তারা অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করে বের হয়ে আসেন।

তীব্র ক্ষোভ প্রকাশ করে জুলাই যোদ্ধা রিহান হোসেন বলেন “যারা জুলাই গণ-অভ্যুত্থানে খুনিদের পক্ষ নিয়েছিল, সেই ফ্যাসিস্টদের পাশে বসে জুলাই শহীদদের স্মরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এটি জুলাইয়ের বীর শহীদ ও আহতদের সাথে চরম উপহাস। তাই আমরা প্রতিবাদস্বরূপ তাত্ক্ষণিক সভা থেকে ওয়াকআউট করেছি।”

এই প্রতিবাদী বর্জন কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করে শরিক হন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব ও নাহিদসহ স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপি নেতৃবৃন্দ।

উদ্ভূত পরিস্থিতি ও তীব্র বিতর্কের বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন: “সংশ্লিষ্ট আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানদের আমরা প্রশাসনিকভাবে কোনো আমন্ত্রণ জানাইনি। তারা কীভাবে এবং কার অনুমতিতে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, তা আমার জানা নেই। পরবর্তীতে তোপের মুখে পড়া মাত্রই তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তবে জুলাই যোদ্ধারা অনুষ্ঠান বর্জন করেছেন—এমন দাবিটি পুরোপুরি সঠিক নয়।”

আওয়ামী লীগের দলীয় জনপ্রতিনিধিদের এমন অনুষ্ঠানে জোরপূর্বক বা বিনা দাওয়াতে উপস্থিত হওয়া এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে পুরো শৈলকুপায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *