স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেসক্লাব যশোরের সম্মানিত সভাপতি এবং আঞ্চলিক দৈনিক ‘দৈনিক যশোর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা জাহিদ হাসান টুকুন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তাঁর হার্টের রক্তনালিতে একাধিক ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তির পর তাঁর শরীরে জরুরি এনজিওগ্রাম পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা তাঁর দ্রুত ওপেন হার্ট সার্জারি (অস্ত্রোপচার) করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আজ রোববার (৫ জুলাই) রাতে প্রেসক্লাব যশোর ও তাঁর পারিবারিক সূত্রে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জাহিদ হাসান টুকুন বুকে ব্যথা ও হৃদরোগজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরিভিত্তিতে যশোর থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্ডিয়াক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। এনজিওগ্রাম রিপোর্টে তাঁর হার্টের প্রধান রক্তনালিতে জটিল ব্লক ধরা পড়ায় চিকিৎসকেরা তাঁকে অতি দ্রুত ওপেন হার্ট সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন। বর্তমানে অস্ত্রোপচারের পূর্ববর্তী প্রয়োজনীয় প্রস্তুতিমূলক চিকিৎসা ও প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে যশোরের প্রবীণ ও দক্ষ এই সাংবাদিক নেতার আকস্মিক গুরুতর অসুস্থতা ও হার্টে ব্লক ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ার পর যশোরের সাংবাদিক অঙ্গন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে গভীর উদ্বেগ ও সুগভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটিসহ স্থানীয় সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা তাঁর চিকিৎসার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। জাহিদ হাসান টুকুন ভাইয়ের সফল অস্ত্রোপচার এবং দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করেছেন যশোরের সর্বস্তরের গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর পরিবার দেশবাসী ও যশোরবাসীর কাছে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য আন্তরিক দোয়া চেয়েছেন। ছবি সংগৃহীত।

