রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২৬ জুন -২০২৬
‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’— এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রবিন্দু পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু, শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসাদুজ্জামান আল মাহবুব এবং সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ, যুবসমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো তরুণ ও মেধা। এই সামাজিক ব্যাধি ও মাদক পুরোপুরি নির্মূল করতে হলে কেবল প্রশাসনের ওপর ভরসা করলেই চলবে না; পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে রক্ষা করতে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান বক্তারা। ছবি সংগৃহীত।


