মো: মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সুধীজনসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মূল দাবি, ঝিনাইদহ জেলার জন্য বরাদ্দকৃত মেডিকেল কলেজটি জেলার সীমানাগত দিক থেকে সুবিধাজনক এবং ছয়টি উপজেলার মধ্যবর্তী স্থান ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বেজপাড়া এলাকায় স্থাপন করা হোক।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিচুর রহমান, সমকালের সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম এবং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ‘উষা’র সভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।
বক্তারা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তিক দিক তুলে ধরে বলেন, কালীগঞ্জের বেজপাড়া নামক স্থানে সরকারের বিশাল আয়তনের পতিত খাস জমি রয়েছে। ফলে এই স্থানে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সরকারের জমি ক্রয়ের জন্য বাড়তি কোনো অর্থ ব্যয় হবে না, যা রাষ্ট্রীয় রাজস্ব সাশ্রয় করবে। এছাড়া ভৌগোলিক অবস্থানের দিক থেকে কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে মেডিকেল কলেজটি নির্মিত হলে ঝিনাইদহের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষেরাও সহজে উন্নত চিকিৎসা সেবা ও শিক্ষার সুযোগ পাবেন। এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি সংগৃহীত।

