১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ১৬ (ষোল) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন সুবদিয়া গ্রাম সংলগ্ন চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. হযরত আলী (৫৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি.) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ৪নং সুবদিয়া গ্রামস্থ চুয়াডাঙ্গা টু ঝিনাইদহগামী মহাসড়কের পাশে এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হযরত আলীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাঁর কাঁধে থাকা কফি রঙের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে গাঁজা জব্দ করার পাশাপাশি হযরত আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারি হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *