মাগুরা প্রতিনিধি :
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা যুবদল। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নামসর্বস্ব পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে মাদক ব্যবসায়ী ও সোনা চোরাকারবারি হিসেবে আখ্যায়িত করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, গত ১৭ বছরে তিনি ৭৬টি রাজনৈতিক মামলার আসামি হলেও এর একটিও মাদক সংক্রান্ত নয়। তার বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগও সম্পূর্ণ বানোয়াট। এ ধরনের অভিযোগের সত্যতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করা হতো। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
লাল গাড়ি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, আইন পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে একটি গাড়ি সংক্রান্ত মামলায় বাদীপক্ষের পারিবারিক সিদ্ধান্তে গাড়িটি সাময়িকভাবে তার কাছে রাখা হয়েছিল। পরবর্তীতে মামলার নিষ্পত্তি না হওয়ায় তিনি যশোর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে গাড়িটি হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, তাকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে কিছু শুভাকাঙ্ক্ষী শহরে ফেস্টুন লাগানোর পর থেকেই একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার শুরু করে। অভ্যন্তরীণ উস্কানিতে কিছু ব্যক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, তথ্য-প্রমাণহীন সংবাদ প্রচারের মাধ্যমে শুধু জেলা যুবদল নয়, কেন্দ্রীয় যুবদলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি বলেন, যুবদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে সংগঠন তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি সংগৃহীত।


