জরুরি পরিস্থিতি সামলাতে প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

জরুরি পরিস্থিতি সামলাতে প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

মাগুরা প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মাগুরা জেলা জুড়ে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় বিশেষ সামরিক কমান্ডের অধীনে সেনাবাহিনী মোতায়েন থাকায় ভৌগোলিক কারণে সীমান্তবর্তী জেলা মাগুরাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকেই মাগুরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাগুরা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলায় যাতে কোনো ধরনের বেআইনি জমায়েত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় অতিরিক্ত চার শতাধিক পুলিশ সদস্যকে সরাসরি মাঠে নামানো হয়েছে। জেলা পুলিশের এই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের পাশাপাশি আইনশৃঙ্খলার সার্বিক সুরক্ষায় কাজ করছে র‍্যাবের শক্তিশালী দুটি প্লাটুন। একই সাথে মাগুরার প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি বিশেষ চেকপোস্ট ও পিকেট স্থাপন করা হয়েছে, যেখানে দিনভর মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আরোহী ও বিভিন্ন যানবাহনে কড়া তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সাথে মোকাবিলা করার জন্য পুলিশের একাধিক চৌকস ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং মাঠে সার্বিক তদারকিতে রয়েছে ১০টি মোবাইল টিম ও ৪টি বিশেষ হোন্ডা টিম।

মাগুরার বিভিন্ন সড়ক ও উপজেলা সদরে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। কোথাও সন্দেহভাজন অতিরিক্ত জমায়েত বা জটলা দেখা গেলেই সেখানে সাদা পোশাকে দায়িত্ব পালন করা স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে দেশজুড়ে এমন কঠোর অবস্থান ও নজরদারির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাটিতে নিষিদ্ধ দলটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জেলায় কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ সর্বোচ্চ কঠোর হস্তে তা দমন করবে এবং আইনের চোখে অপরাধী কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *